আজ থেকে খুলছে আশুলিয়ার বন্ধ পোশাক কারখানা

 সাভারের আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা পোশাক কারখানাগুলো আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে খুলতে শুরু করবে।


advertisement
















শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ায় হা-মীম গ্রুপের কারখানায় মালিক, বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সভায় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব প্রমুখ।


কারখানা খোলার বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘শনিবার থেকে আশুলিয়ার বন্ধ কারখানা খোলার সিদ্ধান্ত হয়েছে। গাজীপুরের কারখানাগুলোও খুলবে। যেসব মালিক কারখানা খোলার বিষয়ে ইতিবাচক মনে করবেন, তাঁরা খুলবেন। ‘


তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীর তরফ থেকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তাছাড়া যৌথবাহিনীর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। বিশৃঙ্খলাকারীদের তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়ার জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ’


উল্লেখ্য, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকদের বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা টানা দুই সপ্তাহ ধরে চলছে। তার জেরেই গতকাল বৃহস্পতিবারও সাভার-আশুলিয়া ও গাজীপুরের ২৫৭ টি তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এরমধ্যে ৯৪ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল মালিকপক্ষ। শুধু আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল ৮৬টি কারখানা।


তবে বিজিএমইএ দাবি করেছে, সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১১৫ পোশাক কারখানা বন্ধ ছিল। সার্বিকভাবে গতকাল পর্যন্ত ৭৪ দশমিক ৩৯ শতাংশ কারখানা (বিজিএমইএর সদস্য) আগস্ট মাসের মজুরি পরিশোধ করেছে। ৫৪৯ কারখানার মজুরি বাকি রয়েছে।

advertisement

















Comments